রাজশাহীর সিটিহাটে র‍্যাবের অভিযান ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার

রাজশাহীর সিটিহাটে র‍্যাবের অভিযান ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম রবি (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মো. আহম্মদ আলীর ছেলে।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, সিটিহাট বাইপাস মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‍্যাবের গোয়েন্দা দল ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রবিউল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল।
র‍্যাব-৫ জানায়, এই মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *