নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে নবীগঞ্জ–আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালকের নাম আবুল কালাম মিন্টু (৪৫)। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মিয়ার ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মিন্টু তার সিএনজি চালিয়ে নবীগঞ্জ–আউশকান্দি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে এসে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে মিন্টুর মরদেহ দেখতে পান। পরে স্বজনরা এসে মরদেহ উদ্ধার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার এখনো কোনো মামলা করেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।