শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একটি কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। তারা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানা গেছে।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কুড়াল, ছুরি ও রামদা। এছাড়াও তাদের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে বিভিন্ন অপরাধে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *