টসের পর হাত না মেলায় বিতর্কে ভারত-বাংলাদেশ ক্রিকেটাররা
স্টাফ রিপোর্টার :
ভারত ও বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তাপের প্রভাব এবার পড়ল ক্রিকেট মাঠে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কদের মধ্যে করমর্দন না হওয়াকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরুর আগে টসের সময়ই সৃষ্টি হয় অস্বস্তিকর পরিস্থিতি।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসের সময় উপস্থিত না থাকায় সহঅধিনায়ক জাওয়াদ আবরার টস করতে যান। ভারতের পক্ষে টস করতে আসেন অধিনায়ক আয়ুশ মাত্রে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে আয়ুশ কয়েন ছুড়ে টস করান। টসে ‘টেল’ ডেকে জয় পায় বাংলাদেশ। তবে টস শেষে দুই দলের অধিনায়কের কেউই একে অপরের সঙ্গে করমর্দন করেননি।
এই ঘটনা মুহূর্তেই মাঠে উপস্থিত দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে সৌজন্যবর্জনের ধারাবাহিকতার সঙ্গে তুলনা করছেন।
এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন এড়িয়ে চলেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ হিসেবে তখন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য এড়ানোর অবস্থান নেয় ভারতীয় শিবির। পরবর্তীতে নারী ও বয়সভিত্তিক ক্রিকেটেও একই ধরনের দৃশ্য দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনও এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। আসন্ন আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে না নেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে দল পাঠানো নিয়ে অনিশ্চয়তা এবং ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি দলের কর্মকর্তাদের বাংলাদেশে প্রবেশ না করতে পারার মতো বিষয়গুলো দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও জটিল করেছে।
এই প্রেক্ষাপটে যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। টসের সময় করমর্দন না হওয়াকে অনেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন।