ষড়যন্ত্রে গণতন্ত্রের যাত্রা ও বিএনপিকে দমানো যাবে না: তারেক রহমান

ষড়যন্ত্রে গণতন্ত্রের যাত্রা ও বিএনপিকে দমানো যাবে না: তারেক রহমান

স্টাফ রিপোর্টার | ঢাকা
গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় থাকবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক যাত্রা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। বহু বছর দেশ, পরিবার ও জনগণ থেকে দূরে থাকতে হলেও স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন গড়ে তুলতে তিনি ও তার দল নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে গেছেন।
তিনি বলেন, “আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কতটুকু পেরেছি বা পারিনি—তা ভিন্ন বিষয়, তবে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। সীমাবদ্ধতা থাকলেও আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। দেড় লক্ষের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার বোঝা বহন করতে হয়েছে প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীকে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব মামলার কারণে বহু নেতাকর্মীকে বছরের পর বছর ঘরছাড়া হয়ে থাকতে হয়েছে।
তিনি দাবি করেন, আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি; বরং রাজপথেই থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছে।
তারেক রহমান আশ্বাস দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে গুম, খুন ও নির্যাতনের শিকার শহীদ পরিবারগুলোর নামে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে এবং ভুক্তভোগী পরিবারগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল নানাভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার কৌশল নিচ্ছে, তবে বিএনপি সেই সুযোগ দেবে না। নির্বাচন কমিশনকে সমতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভদ্রতা দুর্বলতা নয় এবং গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে।
সভায় সারাদেশ থেকে আগত গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তাদের স্বজন হারানোর বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা জানান, বাসা, অফিস কিংবা রাস্তা থেকে তুলে নেওয়ার পর তাদের প্রিয়জনদের কোনো খোঁজ আজও মেলেনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *