ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি :
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্র ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র–জনতা’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি এশিয়া পাম্প এলাকা থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। দ্রুত বিচার না হলে জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়বে। তারা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা আরও বলেন, শহীদ হাদির আত্মত্যাগ নতুন প্রজন্মকে প্রতিবাদের ভাষা শিখিয়েছে এবং এই হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ সময় ইনকিলাব মঞ্চের আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ স্থাপনের ঘোষণা দেন, যা তরুণদের আদর্শিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরে প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত ও বিচারের আহ্বান জানান।