হবিগঞ্জে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটায় ১৫ দিনের কারাদণ্ড
হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি বহনকারী একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত বাহুবল উপজেলার লামাতাসী ও পুটিজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার অমৃতা গ্রামের আখলাস মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫)-কে কৃষিজমির টপ সয়েল কাটার সময় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তাৎক্ষণিকভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।
অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে বলেন,
“অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটা কৃষিজমির উর্বরতা নষ্ট করে এবং পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।