বাড্ডায় গুলিবর্ষণ এনসিপির কার্যালয় নয় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডায় দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলি ছোড়ার দাবি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে বিকেল পাঁচটার দিকে এনসিপির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির একটি সাংগঠনিক অফিসের পাশে মঙ্গলবার গুলির ঘটনা ঘটেছে, যা কোনো নির্বাচনী অফিস নয় এবং ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ নেই।
এ বিষয়ে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয় লক্ষ্য করে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। তিনি বলেন, ওই স্থানে গত বছরের নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় থাকলেও পরে তা আফতাবনগরে স্থানান্তর করা হয়। ফলে ঘটনাটিকে এনসিপির কার্যালয় লক্ষ্য করে গুলিবর্ষণ বলা যাবে না।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।