ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আহত ৫ সদস্যের অবস্থা আশঙ্কাজনক

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আহত ৫ সদস্যের অবস্থা আশঙ্কাজনক

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে পাঁচ পুলিশ সদস্যকে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় আরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই ঘটনার শিকার রাসেল বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল)-এ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়ার পথে দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় পৌঁছালে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি আরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়।
আহত পাঁচ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরিফুলের বাবা সাগর আলীকে আটক করেছে। পাশাপাশি ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলামসহ হামলায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *