নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

নির্বাচনকে সামনে রেখে দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের অদক্ষতার কারণে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা খুব উদ্বিগ্ন। সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নত হয়নি। তবে আমরা আশা করি দ্রুতই এর উন্নতি হবে।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যাচ্ছে এবং জনগণের সমর্থন নিয়েই রাজনীতি করছে। তার ভাষায়, “এ দেশে যা কিছু ভালো অর্জন হয়েছে—সংস্কার, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা—সবই বিএনপির অবদান।”
তিনি আরও বলেন, বর্তমান সংস্কার কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হয়েছে, তার প্রতিটিতেই বিএনপির সক্রিয় অংশগ্রহণ রয়েছে। “বিএনপি নিঃসন্দেহে একটি গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক দল,”—যোগ করেন তিনি।
ক্রিকেট ইস্যুতে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক রাজনীতি এই বিষয়ে স্পষ্টভাবে জড়িত। তিনি বলেন, “আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা মূলত দেশকেই অপমান করার শামিল। দেশের সম্মান এখানে জড়িত।” এ সময় তিনি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া জরুরি। “একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হতে হবে সম্মান ও সৌহার্দ্যের ভিত্তিতে। আমরা ভালো আচরণ করলে তাদের বিরূপ আচরণও কমবে,”—বলেন তিনি।