মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকাল ৫টা পর্যন্ত এসব আপিল শুনানি গ্রহণ করবেন।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) শুনানির প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনের শুনানিতে ৫২টি আপিল মঞ্জুর, ১৫টি নামঞ্জুর করা হয়েছে এবং তথ্যগত অসংগতির কারণে ৩টি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে।
মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অপরদিকে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজন প্রার্থীর প্রার্থিতা আপিল শুনানিতে বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। সূচি অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও পক্ষগুলোর ই-মেইল অ্যাকাউন্টে পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়া ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *