চন্দ্রঘোনা, রাজস্থলী থানা ও ফারুয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে রাঙ্গামাটির পুলিশ সুপার
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি | ১০ জানুয়ারি ২০২৬ খ্রি.
রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, পুলিশিং কার্যক্রম জোরদার এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম চন্দ্রঘোনা থানা, রাজস্থলী থানা ও ফারুয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানা ও পুলিশ ক্যাম্পে পৌঁছালে অফিসার ইনচার্জ ও ইনচার্জগণ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ সুপার মহোদয় থানা ও ক্যাম্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। তিনি ডিউটি ব্যবস্থা, মামলা নিষ্পত্তির অগ্রগতি, সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম, সেবাপ্রার্থীদের সঙ্গে পুলিশের আচরণ, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণসংক্রান্ত বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
এছাড়াও থানা ও ক্যাম্পের অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন ও সরঞ্জাম ব্যবস্থাপনা এবং আবাসন সুবিধা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। জনগণের সেবায় পুলিশকে আরও দায়িত্বশীল, পেশাদার ও মানবিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানা ও ক্যাম্পে সংরক্ষিত গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও রেকর্ডপত্র পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনে বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় ও আস্থার সম্পর্ক গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পুলিশ সুপার মহোদয় থানা ও ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের কর্মপরিবেশ, সমস্যা ও সুযোগ-সুবিধার কথা মনোযোগসহকারে শোনেন। তিনি সদস্যদের কল্যাণে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেনসহ সংশ্লিষ্ট থানা ও পুলিশ ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।