মিঠাপুকুরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের মিঠাপুকুর উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মোসাদ্দেক হোসেন মিন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মোসাদ্দেক হোসেন মিন্টু একজন পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিক হওয়া সত্ত্বেও একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সম্প্রতি ‘মিঠাপুকুর ইনসাইট’ ও ‘স্বপ্নের মিঠাপুকুর’ নামক ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ‘মাদক কারবারি’ হিসেবে চিহ্নিত করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, একটি স্বার্থান্বেষী মহল মোসাদ্দেক হোসেন মিন্টুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে। তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পর্দার আড়ালে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় নেতৃবৃন্দ আরও সতর্ক করে বলেন, অবিলম্বে এসব কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট অপসারণ এবং অপপ্রচার বন্ধ না করা হলে আগামীতে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে মিঠাপুকুর উপজেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।