রাজশাহী ব্যাটালিয়ন ( বিজিবি-১)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় আজ ৬ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টায় শীতার্ত অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী জেলার অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হরির ইউনিয়নের ২নং ওয়ার্ডে বসবাসরত শীতার্ত জনগণের মাঝে রাজশাহী ব্যাটালিয়ন ( বিজিবি-১) কর্তৃক কম্বল বিতরণ করা হয়। শীতপ্রবণ এই এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিজিবি’র এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। এলাকাবাসীর মাঝে এ সহায়তা কার্যক্রম ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ জনগণের সঙ্গে বিজিবি’র পারস্পরিক সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
শীতবস্ত্র বিতরণ শেষে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি তাঁর বক্তব্যে বলেন,
“আর্তমানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সীমান্তবর্তী ও সাধারণ মানুষের পাশে রয়েছে। সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি’র এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।