৪৮ কেজি গাঁজা ও নীল রঙের পিকআপসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

৪৮ কেজি গাঁজা ও নীল রঙের পিকআপসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার অভিযানে ৪৮ কেজি গাঁজা ও একটি নীল রঙের পিকআপ ট্রাকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. সোহেল মিয়া (৩২)। তাকে ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে জিএমপি সদর থানাধীন শিববাড়ী মোড়স্থ সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর রাত ২টা ৫৫ মিনিটে সদর থানার একটি অভিযানিক দল পশ্চিম জয়দেবপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিববাড়ী মোড়স্থ সাতক্ষীরা হোটেলের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি নীল রঙের পিকআপ ট্রাক আটক করা হয় এবং চালক মো. সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে পিকআপ ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে বিশেষ কায়দায় কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২ কেজি করে মোট ২৪টি প্যাকেট, সর্বমোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে উক্ত পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির পরিচয়— মো. সোহেল মিয়া (৩২), পিতা— মৃত খালেক মিয়া, মাতা— মোছা লাইলী বেগম। তার বাড়ি পশ্চিম দত্তপাড়া, থানা— নরসিংদী সদর, জেলা— নরসিংদী।
পুলিশ আরও জানায়, মো. সোহেল মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলার তথ্য রয়েছে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা, কিশোরগঞ্জের ভৈরব থানা ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং সেসব মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *