আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতেই চারটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা, কদমতলী ও পাঁচআনি চক এলাকায় এসব ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে জামাল নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত দুইটার পর প্রথমে শম্ভুপুরা গ্রামের জহিরুল ইসলাম জুরুর বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। সেখান থেকে ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও ১২ আনা স্বর্ণালংকার নিয়ে যায় তারা। এরপর কদমতলী এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে হানা দিয়ে এক ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়। একই রাতে পাঁচআনি চক এলাকার আব্দুল আমিনের বাড়ি থেকে ১৯ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এ ছাড়া একই এলাকার জামালের বাড়িতে ডাকাতির সময় বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে ওই বাড়ি থেকেও এক ভরি স্বর্ণালংকার ও পাঁচ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরপর চারটি বাড়িতে ডাকাতির ঘটনায় খাগকান্দা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি এলাকায় পুলিশের টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বাসিন্দারা। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি।