সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, ৩৬ নারী পেলেন ৩ লাখ ৬০ হাজার টাকা অনুদান

সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, ৩৬ নারী পেলেন ৩ লাখ ৬০ হাজার টাকা অনুদান

Oct 13, 2026

নওগাঁ প্রতিনিধি:

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ৩৬ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে ৩ লাখ ৬০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার আকতার হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে মেয়েদের জন্য সমান সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ৩৬ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *