পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, উদ্ধার প্রায় ৫ লাখ টাকা

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, উদ্ধার প্রায় ৫ লাখ টাকা

Sep 28, 2026

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় বড় আকারের মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। এ সময় ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির অর্থ বলে দাবি করা নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানের সময় আরও এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানে কালাইবাড়ী গ্রামের মোঃ তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে মোঃ শাকিল (২০), পিতা—মোঃ মজিবুর রহমান এবং মোছাঃ বেবী খাতুন (৩৩), স্বামী—মোঃ তহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়িই কালাইবাড়ী গ্রামে।অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে তহুরুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকানো অবস্থায় ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা।এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রিলব্ধ বলে দাবি করা নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।পুলিশের ভাষ্য, অভিযানের সময় মাদক চক্রের আরও একজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাদক সিন্ডিকেটের ওই চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে জানা গেছে।পুলিশ সুপার আরও জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে নওগাঁ জেলা পুলিশ কাজ করছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *