অপহরণ মামলার আসামি জামিনে মুক্তির পর হামলা-লুটপাটের মামলায় ফের গ্রেপ্তার

অপহরণ মামলার আসামি জামিনে মুক্তির পর হামলা-লুটপাটের মামলায় ফের গ্রেপ্তার

Jul 16, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার পশ্চিম নয়নপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার মামলার এক আসামি জামিনে মুক্ত হওয়ার পর হামলা ও লুটপাটের মামলায় আবারও গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ মোকরামিন শেখ (২৭) পশ্চিম নয়নপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি জয়দেবপুর থানার অপহরণচেষ্টার মামলা নং-৩১/২৬-এর অন্যতম আসামি। পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২১ মার্চ ২০২৬ পশ্চিম নয়নপুর এলাকায় পাঁচ বছর বয়সী শিশু শাদমান সাদাফকে টিয়া পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে অপহরণের চেষ্টা করা হয়। স্থানীয়দের তৎপরতায় শিশুটি উদ্ধার হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুর রহিম জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। তদন্তে মামলার অন্যান্য আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে মোকরামিন শেখকে অপহরণচেষ্টার মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এদিকে, জামিনে মুক্তির পর গত ৭ জানুয়ারিতে ঘটে যাওয়া পশ্চিম নয়নপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে আবুল হোসেনের ওপর হামলা, গুরুতর আহত করা এবং নগদ ৪০ হাজার ২৯০ টাকা লুটের অভিযোগ ওঠে মোকরামিন শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রত্না বাদী হয়ে জয়দেবপুর থানায় হামলা ও লুটপাটের মামলা নং-১২ দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, হামলার সময় মোকরামিন শেখ লোহার রড দিয়ে আবুল হোসেনের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়। এছাড়া অন্যান্য আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে আসামি আরিফুল ইসলাম ভুক্তভোগীর কোমরে থাকা ওয়েস্ট ব্যাগ থেকে নগদ ৪০ হাজার ২৯০ টাকা নিয়ে যান। এই মামলায় গত ১৫ জুলাই বুধবার আদালতে জামিন নিতে গেলে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। জয়দেবপুর থানা পুলিশ জানায়, হামলা ও লুটপাট মামলায় অভিযান চালিয়ে মোকরামিন শেখকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তবে মামলার অভিযোগের বিষয়ে গ্রেপ্তারকৃত মোকরামিন শেখ বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *