প্রতি বছর ১০ জনকে হজে পাঠাবেন কাউন্সিলর ফয়সাল

প্রতি বছর ১০ জনকে হজে পাঠাবেন কাউন্সিলর ফয়সাল

Jun 27, 2026

রাজু আহাম্মেদ

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া পূর্বপাড়া সরকারবাড়িতে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এলাকার উন্নয়ন, নাগরিক সমস্যা, অবকাঠামোগত চাহিদা, সামাজিক সম্প্রীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। ১৫ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর আলহাজ মো. ফয়সাল আহম্মেদ সরকারের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি, সমাজসেবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় স্থানীয় জনগণের মতামত ও পরামর্শ গ্রহণের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়। অনুষ্ঠানে কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সরকার নিজস্ব অর্থায়নে প্রতি বছর এলাকার ভোটারদের মধ্য থেকে ১০ জনকে পবিত্র হজ পালনের সুযোগ করে দেওয়ার ঘোষণা দেন। তাঁর এ ঘোষণায় উপস্থিত এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে সমাজকল্যাণে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। বক্তব্যে কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সরকার বলেন, শুধু রাস্তা-ঘাট বা ড্রেন নির্মাণই উন্নয়নের একমাত্র মানদণ্ড নয়। মানুষের কল্যাণ, সামাজিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধকে সমুন্নত রাখার মধ্য দিয়েই একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উঠান বৈঠকে উপস্থিত বাসিন্দারাও ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। সবার অংশগ্রহণে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ১৫ নম্বর ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *