পোরশায় শিক্ষার আলো ছড়াচ্ছে কাতিপুর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

পোরশায় শিক্ষার আলো ছড়াচ্ছে কাতিপুর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

Sep 3, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে কাতিপুর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরাইগাছি জিরো পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার পূর্বে অবস্থিত দৃষ্টিনন্দন এ বিদ্যালয়টি পড়াশোনার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। বিদ্যালয়টিতে দুই শিফটে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। প্রথম শিফটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করে আসছেন। শিক্ষকদের সুন্দর আচরণ ও আধুনিক পাঠদান পদ্ধতির কারণে বিদ্যালয়ে একটি মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। বিদ্যালয়টির পাঠদানের অন্যতম আকর্ষণ হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা, শিষ্টাচার ও মানবিক গুণাবলির চর্চা। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা পেয়ে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরাও। তবে বিদ্যালয়টির নানা অর্জন ও ইতিবাচক কর্মকাণ্ডের মাঝেও রয়েছে একটি বড় ভোগান্তি। কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের প্রধান রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও খানাখন্দ থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। স্বাভাবিক সময়েও ঝুঁকিপূর্ণ এ রাস্তা দিয়ে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসফাউল আসেকিন (আসিক) বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের স্বার্থে বিদ্যালয়ের প্রধান রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তাটি সংস্কার করা হলে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত অনেক নিরাপদ ও সহজ হবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *