পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: শেখ হাসিনার রাজনীতি নিয়ে সালাউদ্দিন বাবুর বিস্ফোরক মন্তব্য

পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: শেখ হাসিনার রাজনীতি নিয়ে সালাউদ্দিন বাবুর বিস্ফোরক মন্তব্য

Sep 15, 2026

 

সাভার প্রতিনিধিঃ

ঢাকা আশুলিয়ার পাথালিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রোববার পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা মনে করছেন শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন, তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তার দাবি, শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটেছে এবং দেশের মানুষ তার শাসনামলকে আর ফিরে পেতে চায় না। সালাউদ্দিন বাবু বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা সংকুচিত হয়েছিল। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও জনগণের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও তিনি উল্লেখ করেন। বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র ও জনকল্যাণকে সামনে রেখেই বিএনপি রাজনীতি করে আসছে। ভবিষ্যতেও দলটি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মইনউদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ গফুর মিয়া এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা। জনসভায় বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পাথালিয়া ইউনিয়ন নির্বাচনে প্রার্থী ঘোষণা জনসভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাথালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান এবং সাধারণ সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে আব্দুল কালাম ও ৩ নম্বর ওয়ার্ডে আমিনুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। দলের কঠিন সময়ে হামলা-মামলার মুখোমুখি হলেও তিনি দলের আদর্শ থেকে সরে যাননি। দলীয়ভাবে তাকে মূল্যায়ন করে মনোনয়ন দেওয়ায় তিনি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নির্বাচিত হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *