প্রবাসীদের নামে ভাওতাবাজি নয়, ছয় দফা দাবি বাস্তবায়ন চাই: অ্যাডভোকেট এ এন এম ঈসা

প্রবাসীদের নামে ভাওতাবাজি নয়, ছয় দফা দাবি বাস্তবায়ন চাই: অ্যাডভোকেট এ এন এম ঈসা

Jun 13, 2026

 

নিজস্ব প্রতিবেদক:

প্রবাসীদের জন্য একের পর এক নতুন সুবিধা ও প্রণোদনার ঘোষণা দেওয়া হলেও তাদের প্রকৃত চাওয়া-পাওয়া এবং বাস্তব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ (আইআরজেপি)-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কোটি কোটি বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। প্রবাসীদের জন্য নতুন কার্ড, কমিশন, বিশেষ সুবিধা কিংবা বিভিন্ন সেবার ঘোষণা দেওয়া হলেও এসব সিদ্ধান্ত গ্রহণের আগে প্রবাসীদের প্রতিনিধিদের সঙ্গে কোনো অর্থবহ আলোচনা করা হয়নি।
অ্যাডভোকেট ঈসা বলেন, প্রবাসীরা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তাদের ভবিষ্যৎ নিরাপত্তা, কল্যাণ ও মর্যাদার বিষয়গুলো প্রায়ই উপেক্ষিত থেকে যায়।
তিনি বলেন, “প্রবাসীরা কোনো দান বা করুণা চায় না। তারা চায় তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক। এমন নীতিমালা প্রয়োজন, যা একজন প্রবাসীর কর্মজীবনের শুরু থেকে দেশে ফেরার পর পর্যন্ত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করবে।”
প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উত্থাপিত ছয় দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রবাসীদের জন্য স্থায়ী পেনশন স্কিম চালু, বিদেশে কর্মসংস্থানের ব্যয় কমানো ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, আন্তর্জাতিক শ্রমবাজার উপযোগী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা, দেশে ও বিদেশে প্রবাসীদের জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান, জরুরি সহায়তা ও কল্যাণ তহবিল গঠন এবং প্রবাসীদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে ১০টি আসন ও একজন মন্ত্রীর পদ সংরক্ষণ।
অ্যাডভোকেট ঈসা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের নিয়ে নতুন কোনো পরিকল্পনা বা নীতি গ্রহণের আগে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা উচিত। তাদের বাস্তব সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে তা অধিক কার্যকর ও টেকসই হবে।
তিনি আরও বলেন, “আমাদের ছয় দফা দাবি বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত শুধুমাত্র নতুন নতুন ঘোষণায় প্রবাসীরা সন্তুষ্ট হবে না। প্রবাসীদের মর্যাদা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ রউফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *