নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
অফিস ডেস্ক :
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আলিফ খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ গোলাম মোস্তফা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুর পিতা ফারুক মিয়া। তাদের বাড়ি গোতাসিয়া ইউনিয়নের রথের কান্দা এলাকায়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্থানীয়দের মাঝে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি আরও বেশি নজরদারি ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।