রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্রি Wi-Fi জোন চালু, আলোচনায় যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্রি Wi-Fi জোন চালু, আলোচনায় যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

অফিস ডেস্ক :

রাজশাহী মহানগরীতে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে ফ্রি Wi-Fi জোন স্থাপনের পরিকল্পনা বাস্তবে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ উন্মুক্তভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

 

উদ্যোগটি বাস্তবায়ন করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। সংশ্লিষ্টরা জানান, নগরবাসীর জন্য সহজলভ্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা এবং ডিজিটাল সেবায় প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনার এলাকায় বসানো রাউটার ও নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে নির্দিষ্ট পরিসরে ব্যবহারকারীরা মোবাইল ও ল্যাপটপে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করছেন। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থী ও তরুণদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

 

রাজশাহী কলেজের এক শিক্ষার্থী মো: রাসেল বলেন, “আমাদের অনেক সময় জরুরি নোট বা অনলাইন রিসোর্স দেখতে হয়। সবসময় মোবাইল ডাটা কেনা সম্ভব হয় না। এই ফ্রি Wi-Fi আমাদের জন্য খুব উপকারী হবে।”

 

রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী আফিয়া জাহান জানান, “এখানে বসে পড়াশোনা, ফ্রিল্যান্সিং বা অনলাইন ক্লাস করা যাবে—এটা বড় সুবিধা। যদি শহরের আরও জায়গায় এমন ব্যবস্থা হয়, তাহলে আরও ভালো হয়।”

 

স্থানীয় এক তরুণ উদ্যোক্তা বলেন, “ডিজিটাল বাংলাদেশের যুগে ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস খুব গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।”

 

প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন, উন্মুক্ত Wi-Fi জোন চালুর ক্ষেত্রে ব্যান্ডউইথ ব্যবস্থাপনা, ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় সেবার মান ধরে রাখা কঠিন হতে পারে।

 

উদ্যোক্তা পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে একটি কেন্দ্র থেকে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে মহানগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি Wi-Fi জোন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 

নগরবাসীর প্রত্যাশা, এ উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসইভাবে পরিচালিত হবে এবং শিক্ষার্থী-তরুণদের জন্য বাস্তবিক উপকার বয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *