নওগাঁর মান্দায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ
অফিস ডেস্ক :
নওগাঁর মান্দা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। মান্দা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন জাতীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান মকে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামতের জন্য এই ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”