গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দীক
কাজী কেয়া | গাজীপুর :
গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দীক। বুধবার (১ এপ্রিল) গাজীপুর জেলা পরিষদ কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের সময় জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন নবনিযুক্ত প্রশাসক।
সভায় ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দীক বলেন, “গাজীপুর জেলার উন্নয়ন ও জনসেবায় জেলা পরিষদকে আরও গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। সরকারি উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রশাসক জেলার সামগ্রিক অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।