চান্দনা চৌরাস্তার ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক:
২৩ সেপ্টেম্বর (বুধবার) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন বাসন থানার এস আই জহুরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সগণ। অভিযান চলাকালে ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে ফুটপাতের একটি অংশ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়। অভিযান পরিচালনার সময়কার বিভিন্ন দৃশ্যের ভিডিও ফুটেজে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম দেখা যায়। স্থানীয়দের মতে, ফুটপাত দখলমুক্ত থাকলে পথচারীদের চলাচল সহজ হবে এবং সড়কে যানজট কমাতে কিছুটা ভূমিকা রাখবে। তবে উচ্ছেদ হওয়া হকারদের জীবিকা ও পুনর্বাসনের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার দাবিও জানিয়েছেন অনেকে। চান্দনা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।