নওগাঁয় ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: প্রধান অতিথির বক্তব্যে এমপি ধলু
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় ৩টি বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের হাঁসাইগাড়ি বিল, গুটার বিলসহ আরেকটি মুক্ত জলাশয়ে আনুষ্ঠানিকভাবে এসব পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমাদের দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ। বর্তমান সরকারের লক্ষ্য প্রাকৃতিক জলাশয় রক্ষা করে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো। এই পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে আমাদের মুক্ত জলাশয়গুলো আবার মাছে ভরে উঠবে। এতে স্থানীয় মৎস্যজীবীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জনগণের আমিষের চাহিদাও পূরণ হবে।” একই সাথে তিনি অবমুক্তকৃত মাছগুলো বড় হওয়ার সুযোগ দিতে এবং ক্ষতিকর কারেন্ট জালের ব্যবহার থেকে বিরত থাকতে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নূরুল আমিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা) দিপংকর পাল, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ আল কাফি তুহিন, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মৎস্যজীবীরা অনুষ্ঠানে অংশ নেন। মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, নিয়মিত এই সরকারি উদ্যোগের ফলে স্থানীয় জলাশয়গুলোতে মাছের বংশবৃদ্ধি ত্বরান্বিত হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।