গাজীপুরে জয়দেবপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের মতামত ও সমস্যার কথা সরাসরি জানার লক্ষ্যে জয়দেবপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে জয়দেবপুর থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লি।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করুন। ভুল তথ্য দিয়ে পুলিশকে অযথা হয়রানি করবেন না। পুলিশ সবসময় জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।” পুলিশ সুপার আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।