চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ

চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ

Jul 13, 2026

 

কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে গত রবিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পহরচাঁন্দা পশ্চিমপাড়া এলাকায় বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে সংগঠনের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় ও বিপন্ন মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা সবসময় প্রস্তুত।’ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত সাত দিন ধরে তারা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পক্ষ থেকে সীমিত পরিসরে কিছু সহায়তা মিললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের এই কঠিন সময়ে সংগঠনটির এমন সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *