আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের

Jun 25, 2026

 

অফিস ডেস্কঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভটিজিং, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। জেলা প্রশাসক বলেন, নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে। এ বিষয়ে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ টিম বা ফোর্স মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হবে। সভায় অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি ব্যবস্থাপনা, মাদক নিয়ন্ত্রণ, সড়ক যোগাযোগ ও জনসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *