প্রবাসের মাটিতে রাজনৈতিক বিভেদ ও সংঘাত পরিহারের আহ্বান আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের
আন্তর্জাতিক ডেস্কঃ
প্রবাসীদের ঐক্য, নিরাপত্তা ও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সকলের প্রতি সংগঠনের বিশেষ অনুরোধ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি রাজনৈতিক বিভেদ, দলাদলি, উসকানি ও সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার। সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীরা মূলত জীবিকার সন্ধানে, পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মাতৃভূমি ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন। প্রতিকূল পরিবেশ, ভাষাগত প্রতিবন্ধকতা ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তাঁরা নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীরা বাংলাদেশের সূর্যসন্তান এবং জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিদেশের মাটিতে তাঁদের সবচেয়ে বড় পরিচয় হলো—তাঁরা বাংলাদেশি এবং রেমিট্যান্স যোদ্ধা। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত বিশ্বাসের ভিন্নতা থাকতেই পারে; তবে সেই ভিন্নতা যেন কোনোভাবেই পারস্পরিক সম্পর্ক, সামাজিক সম্প্রীতি ও প্রবাসীদের ঐক্য বিনষ্টের কারণ না হয়। সংগঠনটি মনে করে, বিদেশের মাটিতে রাজনৈতিক বিভাজন, দলীয় কোন্দল ও সংঘাতের পরিবেশ সৃষ্টি হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ প্রবাসীদের নিরাপত্তা, কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা ও স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এ অবস্থায় সকল প্রবাসী বাংলাদেশিকে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের ভিত্তিতে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন, রাষ্ট্রীয় বিধিবিধান ও সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রবাসীদের মধ্যে বিভেদ নয়, ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। সংঘাত নয়, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। কারণ প্রবাসের মাটিতে একজন বাংলাদেশির সম্মান ও নিরাপত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে পুরো বাংলাদেশের ভাবমূর্তি।
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবারের প্রত্যাশা, দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশি ঐক্যবদ্ধভাবে দেশের সম্মান, প্রবাসীদের মর্যাদা ও পারস্পরিক ভ্রাতৃত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
ধন্যবাদান্তে
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার