২য় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬: বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ার প্রত্যয়ে চলচ্চিত্র আহ্বান
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সাফল্যের ধারাবাহিকতায় ঘোষণা করা হয়েছে ২য় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে আগামী বছরের শুরুতে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চলচ্চিত্র উৎসব। উৎসবের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু পরবর্তী সময়ে ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।খবর আইবিএননিউজ । প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করবে এই উৎসব। সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই চারটি বিভাগে বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিটি বিভাগে সেরা চলচ্চিত্র ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের আহ্বায়ক ও প্রযোজক অলিভ আহমেদ বলেন, আমেরিকায় বাংলা চলচ্চিত্রের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি আমরা। প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে যে সাড়া পেয়েছি, সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় পরিসরে এগিয়ে যেতে চাই। আমাদের রয়েছে অভিজ্ঞ জুরি বোর্ড। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে রয়েছেন তানভীর খায়ের। উৎসবের সদস্যসচিব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। যারা এই ইতিহাসকে সমৃদ্ধ করেছেন, আমরা তাদের কাজের মূল্যায়ন করতে চাই। তিনি বাংলাদেশের সকল নির্মাতা ও প্রযোজকদের ২০২৬ সালে নির্মিত নিজেদের সেরা চলচ্চিত্র নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেওয়ার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, MOV অথবা MP4 ফরম্যাটে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। চলচ্চিত্রের ড্রাইভ লিংক submit@nybanglaff.org ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া FilmFreeway প্ল্যাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। আয়োজকরা জানান, উৎসবটি আগামী বছরের শুরুতে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। তারিখ, ভেন্যু ও অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।