বিভাজনে দুর্বলতা, ঐক্যে শক্তি

বিভাজনে দুর্বলতা, ঐক্যে শক্তি

Sep 17, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

“বিভাজনে দুর্বলতা, ঐক্যে শক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব এম. এ. রউফ। তিনি বলেন, “Divide and Rule” অর্থ হলো—‘বিভক্ত করো এবং শাসন করো’। মানুষকে ধর্ম, অঞ্চল, ভাষা, শ্রেণি, দল, গোষ্ঠী কিংবা ব্যক্তিস্বার্থের ভিত্তিতে বিভক্ত করে পরস্পরের মধ্যে বিরোধ সৃষ্টি করা হলে সম্মিলিত শক্তি দুর্বল হয়ে পড়ে। ইতিহাসে বিভিন্ন সাম্রাজ্য ও ঔপনিবেশিক শাসনব্যবস্থার আলোচনায় এ ধরনের কৌশলের উদাহরণ পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি। দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ. এন. এম. ইসার বক্তব্য উদ্ধৃত করে এম. এ. রউফ বলেন, মানুষের পার্থক্যকে সংঘাতে পরিণত না করে অভিন্ন স্বার্থ ও ন্যায্য অধিকারের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভিন্নমত থাকা স্বাভাবিক; তবে ভিন্নমত যেন বিভেদ ও সংঘাতের কারণ না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, “ঐক্য মানে সবাই একই কথা বলবে—এমন নয়। মতের পার্থক্য বজায় রেখেও দেশের স্বার্থ, মানুষের অধিকার, ন্যায়বিচার ও শান্তির মতো মৌলিক বিষয়ে একসঙ্গে দাঁড়ানোই প্রকৃত ঐক্য।” বিভাজনের কৌশল বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে তুলে ধরেন এম. এ. রউফ—কে মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে? বিভক্তির ফলে কার লাভ হচ্ছে? পারস্পরিক পার্থক্য বড়, নাকি মানুষের অভিন্ন স্বার্থ ও অধিকার আরও গুরুত্বপূর্ণ? তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি কাঠি সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু অনেকগুলো কাঠি একসঙ্গে বাঁধা থাকলে তা ভাঙা কঠিন। একইভাবে একজন মানুষের দাবি উপেক্ষা করা সম্ভব হলেও হাজার মানুষ ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হলে তা উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। এম. এ. রউফ আরও বলেন, “দল আলাদা হতে পারে, দেশ এক; মত আলাদা হতে পারে, অধিকার সবার; পথ আলাদা হতে পারে, কিন্তু জাতীয় স্বার্থ অভিন্ন।” তিনি বিভাজনের পরিবর্তে সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা ও জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
তার বক্তব্যের মূল স্লোগান—
“বিভক্ত করো না—ঐক্য গড়ো।
ঘৃণা নয়—সহযোগিতা চাই।
বিভাজন নয়—জাতীয় ঐক্য চাই।
United We Stand—Divided We Fall.”
এম. এ. রউফ
প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
কাতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *