ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি মাইদুল ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে

ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি মাইদুল ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে

Jun 22, 2026

 

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি যুবলীগ নেতা মাইদুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের টঙ্গীর খরতৈল গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম প্রধান (বুলন)-এর ছেলে মাইদুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। তবে মামলার আসামি হওয়ার পরও তিনি এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, তিনি পুলিশের কথিত সোর্স পরিচয় ব্যবহার করে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ এবং যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্কের বিভিন্ন ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা দাবি করেন, গাজীপুর সিটি করপোরেশন  ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার একাধিক মামলার আসামী যুবলীগ নেতা আমজাদের সঙ্গে মাইদুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, মাইদুল দীর্ঘদিন ধরে আমজাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও তার প্রকাশ্যে চলাফেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সচেতন নাগরিকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনো অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সুযোগ নেই। যদি এমনটি ঘটে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *