গৌরীপুরে বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলাতে বিএনপি নেতা হাফেজ আজিজুল হক-এর মালিকানাধীন একটি ফিলিং স্টেশন থেকে বিপুল পরিমাণ পেট্রল গায়েব হওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্টেশনের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে এ তথ্য উঠে আসে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।
গ্রেপ্তার ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১, ২ ও ৪ এপ্রিল ভৈরব বাজার ডিপো থেকে মোট ৪০ হাজার ৫০০ লিটার পেট্রল স্টেশনে আনা হয়। পরবর্তীতে ৬ ও ৭ এপ্রিল আরও ১৮ হাজার লিটার পেট্রল মজুদ করা হয়। সব মিলিয়ে ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল স্টেশনে থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। স্টেশনে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টানানো ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কাগজপত্র যাচাই করে বিপুল পরিমাণ পেট্রল আনার সত্যতা পায়। জিজ্ঞাসাবাদে ম্যানেজার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম।
অভিযোগের বিষয়ে স্টেশন মালিক হাফেজ আজিজুল হক বলেন, “আমি যে পেট্রল এনেছি তা প্রতিদিন বিক্রি করা হয়েছে। এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। মিথ্যা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অযথা হয়রানি করেছে।”
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে বুধবার আদালতে পাঠানো হবে।