শ্রীপুরে ছাত্রদল নেতার অফিস থেকে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

শ্রীপুরে ছাত্রদল নেতার অফিস থেকে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

Jul 27, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জুলাই) রাতে শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম সিকদারের অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নেতা রিপন এবং শ্রীপুর পৌর যুবলীগের নেতা তুহিন আকন্দ। তুহিন আকন্দ জুলাই হত্যাকাণ্ডের একটি মামলার এজাহারে ৩৮ নম্বর আসামি বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, নাঈম সিকদারের অফিসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে মদ্যপানের সময় ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় নাঈম সিকদার কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্র দাবি করেছে। তবে ডিবি পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় মেট্রোপলিটন সদর থানায় দায়ের করা ৫৯ নম্বর মামলার ভিত্তিতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকা থেকে রিপন ও তুহিন আকন্দকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তবে মদ্যপান এবং ছাত্রদল নেতার অফিস থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি এড়িয়ে গেছে পুলিশ। এ বিষয়ে নাঈম সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই। আমার এখানে এ ধরনের কোনো ঘটনাও ঘটেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *