নওগাঁর পোরশায় এসআই পরিচয়ে প্রতারণা, নগদে ৩ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নওগাঁর পোরশায় এসআই পরিচয়ে প্রতারণা, নগদে ৩ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Jul 5, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর পোরশা থানার এসআই পরিচয় দিয়ে এক প্রতারক ভয়ভীতি দেখিয়ে নগদের মাধ্যমে ৩ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সানোয়ার হোসেনের দাবি, অনলাইনে পণ্য অর্ডার সংক্রান্ত মিথ্যা অভিযোগ ও মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে এই অর্থ আদায় করা হয়। ভুক্তভোগী সানোয়ার হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার নোনাহার গ্রামের বাসিন্দা। তিনি জানান, কয়েক মাস আগে একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটি পণ্য অর্ডার করেছিলেন। সে সময় তিনি রাজশাহীতে অবস্থান করায় পণ্যটি গ্রহণ করতে পারেননি। তার অভিযোগ, পরে ০১৬১১-৭১৮৮৭৬ নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে পোরশা থানার ‘এসআই নাজমুল’ পরিচয় দেন। ওই ব্যক্তি দাবি করেন, অনলাইনে পণ্য অর্ডার সংক্রান্ত অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার ভয় দেখিয়ে দ্রুত বিষয়টি মীমাংসার জন্য টাকা পাঠাতে বলা হয়। সরল বিশ্বাসে এবং আইনি জটিলতার আশঙ্কায় তিনি অভিযুক্তের দেওয়া নগদ নম্বরে ৩ হাজার ৫০০ টাকা পাঠিয়ে দেন। টাকা পাওয়ার পর অভিযুক্ত তাকে আশ্বস্ত করেন, একজন কনস্টেবলের মাধ্যমে তার পণ্যটি ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। কিন্তু কয়েক দিন অপেক্ষার পরও কোনো পণ্য না পেয়ে তিনি পুনরায় ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পোরশা থানায় গিয়ে খোঁজ নেন। সেখানে তিনি জানতে পারেন, থানায় ‘নাজমুল’ নামে কোনো এসআই কর্মরত নেই। এ ঘটনায় নিজের উপার্জিত অর্থ হারিয়ে ভুক্তভোগী চরম হতাশা প্রকাশ করেছেন। তিনি সাইবার প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। সতর্কতা: আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য পরিচয় দিয়ে ফোনে টাকা দাবি করলে তা বিশ্বাস না করে সংশ্লিষ্ট থানায় সরাসরি যোগাযোগ করে বিষয়টি যাচাই করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *