২৪ ঘণ্টায় সারোয়ার হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২

২৪ ঘণ্টায় সারোয়ার হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২

Jun 16, 2026

অফিস ডেস্ক:
নরসিংদীতে বিভাটেক (মিশুক) চালক সারোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া বিভাটেক গাড়ি ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার হারুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৭) এবং নরসিংদী জেলার বুদিয়ামারা গ্রামের কবির হোসেনের ছেলে আশিক (২১)। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সারোয়ার হোসেন (২২) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দগাতী গ্রামের হাজি রহমানের ছেলে। তিনি নরসিংদীর টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় থেকে বিভাটেক চালাতেন। গত ১৩ জুন দুপুরে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে ১৫ জুন রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী মডেল থানার নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মেঘনা নদীর শাখা নদীর বেড়িবাঁধসংলগ্ন ঝোপ থেকে সারোয়ারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় নরসিংদী মডেল থানার একটি বিশেষ দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সারোয়ারকে গলা কেটে হত্যা করে বিভাটেক গাড়ি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *