ফরিদপুরে স্বর্ণের দোকানে চুরি করে পালানোর সময় ৩ চোর আটক, বিপুল স্বর্ণ ও রুপা উদ্ধার

ফরিদপুরে স্বর্ণের দোকানে চুরি করে পালানোর সময় ৩ চোর আটক, বিপুল স্বর্ণ ও রুপা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | পাবনা

পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারে একটি স্বর্ণের দোকানে চুরি করে পালানোর সময় তিনজন চোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রুপা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চোরচক্রটি দোকানের তালা কেটে স্বর্ণ ও রুপা চুরি করে সিএনজিযোগে পালানোর চেষ্টা করে। পথে ডেমড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালকের সন্দেহ হয় এবং তিনি চিৎকার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আটকরা হলো—কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সাপাপুর গ্রামের মালেকের ছেলে ফারুক (২৯), দেবিদ্বার উপজেলার পানারপুর গ্রামের মতি মিয়া সরকারের ছেলে ওমর ফারুক সরকার (২৫) এবং দেবীদ্বার উপজেলার কিনাইয়া গোপালপুর গ্রামের তবদল ওরফে মোহন মিয়ার ছেলে জয়নাল চৌধুরী (৩৫)।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এটি একটি সংঘবদ্ধ চোরচক্র। গত শুক্রবার বিকেলে বনওয়ারীনগর বাজারের বিপ্লব কর্মকার কান্টুর স্বর্ণের দোকানের তালা কেটে তারা স্বর্ণ ও রুপা চুরি করে পালানোর চেষ্টা করে।

তিনি আরও জানান, আটকদের কাছ থেকে ২.৫ ভরি স্বর্ণ, ৩৭ ভরি রুপা, একটি কাটার মেশিন ও দোকানের তালা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয়রা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে স্বর্ণের দোকানকে লক্ষ্য করে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *