মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় জরিমানা ৫০ হাজার টাকা

অফিস ডেস্ক :
নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানী জমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জমির মালিককে জরিমানা করা হয়েছে।
রবিবার (০৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ধানী জমির মাটি কাটার সত্যতা পায়।
এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে স্থানীয় প্রশাসনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, ফসলি জমির মাটি কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।