আড়াইহাজার থানার হেফাজত থেকে হত্যাচেষ্টা মামলার আসামীর পলায়ন
অফিস ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় থানার হেফাজত থেকে এক হত্যা চেষ্টা মামলার আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৩ ও ২৪ মার্চ চরকমলাপুর এলাকায় সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র ব্যবহারের ফলে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাঈল (৩০) নামের এক আসামিকে আটক করা হয়। তিনি চরকমলাপুর এলাকার বাসিন্দা। তবে অভিযোগ রয়েছে, থানায় আনার পর তিনি কৌশলে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার কক্ষে বসানো অবস্থায় সুযোগ বুঝে বেরিয়ে যান ওই আসামি। ঘটনাটির সিসিটিভি ফুটেজও থাকতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল, তবে এক পর্যায়ে তিনি সেখান থেকে চলে যান। পুলিশ ধারণা করছে, তিনি পালিয়ে গেছেন এবং তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্য এক কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে তার কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।
এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিষয়ে তারা অবগত আছেন। ইতোমধ্যে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।