নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা আহত আরেক কর্মী, পলাতক চালককে ধরতে পুলিশের অভিযান
অফিস ডেস্ক :
নড়াইলে তেল না পাওয়াকে কেন্দ্র করে পেট্রোল পাম্পে বাকবিতণ্ডার জেরে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের পরিবার এটিকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নড়াইল-যশোর মহাসড়ক-এর তুলারামপুর এলাকায় অবস্থিত মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে।
নিহত নাহিদ সর্দার (৩৩) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা আকরাম সর্দারের ছেলে।
পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন জানান, ট্রাকচালক মো. সুজাত তেল নিতে এসে পাম্পে তেল না থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাকচালক প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “তোরে আজ ট্রাকের নিচে চাপা দিমু।”
পাম্পের আরেক কর্মচারী সোহান ইসলাম জানান, হুমকি দেওয়ার পরও ট্রাকচালক ঘটনাস্থলেই অবস্থান করছিল। পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নাহিদ সর্দার তার পরিচিত জিহাদুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর ট্রাকচালক সুজাত ট্রাক ঘুরিয়ে তাদের পিছু নেয়। সন্দেহ হলে পাম্পের দুই কর্মী মোটরসাইকেলে পিছু নেন। গিয়ে তারা দেখতে পান, ট্রাকচালক নাহিদ সর্দারকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার অভিযোগ করে বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হুমকি দিয়েই ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তিনি দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, অভিযুক্ত ট্রাকচালক ও ট্রাকটি আটক করতে পুলিশের অভিযান চলছে।
তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই ভয়াবহ রূপ নেওয়া এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।