ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১
অফিস ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি পিকআপসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাজির খোলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, কাজির খোলা পাঞ্জেখানা মসজিদের দক্ষিণ পাশে চিনাইর-কাজির খোলা সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. ইমরান হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান হোসেন মাছিহাতা ইউনিয়নের চাপুইর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত শফিক মিয়া এবং মাতা আম্বিয়া বেগম। এ ঘটনায় মো. আশিক (২২) নামে আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২০ কেজি গাঁজা এবং একটি পিকআপ গাড়ি, যা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তায়রীফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।