আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় প্রধানশিক্ষকের ওপর হামলার অভিযোগ!

অফিস ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা দাবি করে তা না পাওয়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ৭৭ নম্বর ঝাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. কামাল হোসেন সরকারের কাছে কিছু স্থানীয় ব্যক্তি দীর্ঘদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। অভিযুক্তদের মধ্যে সাইফুল, সাদ্দাম, দেলোয়ার, মিজান ও সুজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের দাবি ছিল, ওই বিদ্যালয়ে চাকরি চালিয়ে যেতে হলে তাকে এই টাকা দিতে হবে।
প্রধানশিক্ষক কামাল হোসেন সরকার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে তিনি অন্য একটি বিদ্যালয়ে যোগ দেন। এরপর থেকেই তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ঝাউকান্দি এলাকার মোতালেব মিয়ার বাড়ির সামনে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সাইফুলের নেতৃত্বে কয়েকজন লোহার পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে বলে জানা গেছে।
এ হামলায় প্রধানশিক্ষক কামাল হোসেন সরকারের বাম পা, বাম হাত, ডান হাত ও পিঠে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে থানায় আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।