আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

অফিস ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
সোমবার (বিকেল) উপজেলার নদীবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সলামত ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এরই জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সলামত ও তার অনুসারীরা এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার বিকেলে প্রতিপক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে দাবি করেন তিনি। এতে তার পিতা বেপারী মোল্লা (৫০) ও হাজেরা (৪০) গুলিবিদ্ধ হন। এছাড়া আরও কয়েকজন আহত হন।
অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সলামত অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। মোবাইল ফোনে ঝগড়ার খবর পান। তার দাবি, কিস্তির টাকা সংক্রান্ত বিরোধ থেকে ঘটনার সূত্রপাত। গুলিবর্ষণ বা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি। বরং আনোয়ারের পক্ষের হামলায় তাদের ৭-৮ জন আহত হয়েছেন বলে জানান সলামত। আহতদের মধ্যে সুজন (২৫), সাজ্জাদ (১৮) ও শফিক (৪০) সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *