বদলগাছি থেকে চুরি হওয়া ইয়ামাহা R15 পীরগঞ্জ থেকে উদ্ধার, চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছি থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা R15 মোটরসাইকেল রংপুর জেলার পীরগঞ্জ থেকে উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ বেলা আনুমানিক ৩টার দিকে ফুয়াদ নামে এক ব্যক্তি বিয়ের দাওয়াত খেতে বদলগাছী থানাধীন শ্রীকৃষ্ণপুর এলাকায় জনৈক হামিদুলের বাড়িতে যান। তিনি বাড়ির বাইরে তার ব্যবহৃত ইয়ামাহা R15 মোটরসাইকেলটি রেখে দাওয়াতে অংশ নেন। দাওয়াত শেষে বাইরে এসে দেখতে পান, তার মোটরসাইকেলটি সেখানে নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বদলগাছী থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাটি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পেরে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য বদলগাছী থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিটকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে চুরি যাওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা ও বদলগাছী থানার একটি বিশেষ টিম রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ১. শ্যাম কুমার (২২), পিতা-উত্তম কুমার, গ্রাম-শীতলগাড়ী নয়াপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর। ২. শহিদুল ইসলাম (৪১), পিতা-তোজাম্মেল মন্ডল, গ্রাম-লালদিঘী আরিজপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যাম কুমারের হেফাজত থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে নওগাঁয় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশের এমন আন্তঃজেলা অভিযান ও তথ্যপ্রযুক্তিনির্ভর তৎপরতায় চুরি যাওয়া মোটরসাইকেল দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।