রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

Aug 13, 2026

 

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসব অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১) নামের দুজনকে গ্রেপ্তার করে। তসলিমের দোকান থেকে ৭টি ইয়াবা ও মাদক বিক্রির ৯১ হাজার টাকা এবং নিলয়ের কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার করা হয়। তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় দুটি এবং নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে হাজরাপুকুর নিউ কলোনি এলাকায় শ্যামলী বেগম (৪৪) ও রাহুল ইসলাম ওরফে মুন্না (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে চন্দ্রিমা থানা পুলিশ। শ্যামলীর বাড়ি থেকে ১৮টি ইয়াবা ও ২২ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাহুল দীর্ঘদিন ধরে শ্যামলীর সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিল। সন্ধ্যা সোয়া ৭টার দিকে পবা থানা পুলিশ হাটগোদাগাড়ী বাজারে অভিযান চালিয়ে মাইনুল ইসলাম রনি (৩৮)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ছয়টি ট্যাপেন্টাডল ও তিনটি ইয়াবা উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান ইসলাম অনন্ত ওরফে সোহান (২০)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল সাত্তার (৩৮)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *