রামেকে বৈদ্যুতিক তার সরানোর অভিযোগ, মোটরসাইকেল ফেলে ঠিকাদার উধাও

রামেকে বৈদ্যুতিক তার সরানোর অভিযোগ, মোটরসাইকেল ফেলে ঠিকাদার উধাও

Aug 6, 2026

 

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীআড়াই লাখ টাকার তার সরানোর অভিযোগ; পরিত্যক্ত মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুরোনো বৈদ্যুতিক তার অনুমতি ছাড়াই সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগের মুখে ঘটনাস্থলে নিজের মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তিনি। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযুক্ত ঠিকাদার রবিউল ইসলাম মুন্নার বাড়ি রাজশাহী নগরীর মোল্লাপাড়া এলাকায়। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং অন্যের লাইসেন্স ব্যবহার করে গণপূর্ত বিভাগের বিদ্যুৎ-সংক্রান্ত কাজ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। জানা গেছে, রামেক হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার পুরোনো বৈদ্যুতিক তার পরিবর্তনের কাজ চলছিল। বুধবার সন্ধ্যায় তারবোঝাই একটি ভ্যান মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। বিষয়টি সন্দেহজনক মনে হলে গাড়িচালক ও ঠিকাদার মো. ময়না খোঁজখবর শুরু করেন। ময়না জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, ভ্যানে থাকা তারগুলো রবিউল ইসলাম মুন্নার বাড়ির দিকে নেওয়া হচ্ছে। পরে তিনি বিষয়টি গণপূর্ত বিভাগ-২-এর হাসপাতাল-দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আবু সিনা মো. মাসুমকে অবহিত করেন। তার ভাষ্য, খবর পেয়ে মুন্না মেডিকেল কলেজ ক্যাম্পাসে এলেও পরে মোটরসাইকেল ফেলে সেখান থেকে চলে যান। একাধিকবার ডাকাডাকি করেও তাকে পাওয়া যায়নি। পরে উপসহকারী প্রকৌশলীর ফোন পেয়ে তিনি একটি ভ্যানে করে কিছু তার ফেরত পাঠান। ময়নার দাবি, ভ্যানে যে পরিমাণ পুরোনো তার নেওয়া হয়েছিল, তার সামান্য অংশ ফেরত এসেছে। তার অভিযোগ, অন্তত পাঁচ লাখ টাকার পুরোনো বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়া হয়েছে। উপসহকারী প্রকৌশলী আবু সিনা মো. মাসুম বলেন, বুধবার প্রায় সাড়ে নয় লাখ টাকার নতুন বৈদ্যুতিক তার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত কারণে কিছু সময় ব্যস্ত থাকার সুযোগে পুরোনো তারগুলো সরিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে কিছু তার উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তের ফেলে যাওয়া মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এদিকে, রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, হাসপাতালে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। তবে বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টি তিনি আগে জানতেন না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *